বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনব্যাপী কর্মসূচি
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা মহিলা দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা মহিলা দল।
বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়ার নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানুর নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী, দফতর সম্পাদক অ্যাডভোকেট সোহেলি খাতুন এবং বগুড়া সদর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সংগঠনের রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
বিষয়টি জানতে চাইলে জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার দফতর সম্পাদক অ্যাডভোকেট সোহেলি খাতুন বলেন, “আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ৪৮ বছরে জাতীয়তাবাদী মহিলা দল লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী দিনেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন


