দেশের ৫ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Jul 11, 2026 - 13:53
 0  12
দেশের ৫ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস
×

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১১ জুলাই) আবহাওয়া সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটারের চেয়ে বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আকস্মিক বন্যায় পানিবন্দি লাখো মানুষ

এদিকে, গত কয়েকদিনের টানা অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ দেশের তিন পার্বত্য জেলায় ইতোমধ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ফলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

​প্রসাশনিক সূত্রে জানা গেছে, শুধু চট্টগ্রাম জেলাতেই সাড়ে ৪ লাখের বেশি মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। আকস্মিক প্লাবিত হওয়া এসব দুর্গম এলাকায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষের উদ্ধার কাজ ও জরুরি মানবিক সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে।