রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে : চিফ হুইপ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, রবীন্দ্র দর্শন ও কবিতা থেকে প্রেরণা নিয়েই বাংলাদেশের মানুষ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা আমাদের প্রেরণার চিরন্তন উৎস। তাঁর কবিতায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ বিগত ১৭ বছর লড়াই-সংগ্রাম করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে।” শনিবার (৯ মে) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কঠিন সত্য ও সংগ্রামের প্রেরণা:
রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে চিফ হুইপ বলেন, “‘সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা’—এই পঙক্তিগুলো আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দেশের মানুষ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কঠিন সত্যকে ধারণ করে বিপ্লব ঘটিয়েছে। যারা গত ১৭-১৯ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন, তারা এই সত্য ও কঠিনকে ভালোবেসেছিলেন বলেই আজ একটি নতুন সকালের দেখা পেয়েছেন।”
অচলায়তন ভাঙার কারিগর নবীনরা:
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ তাঁর সময়ের চেয়ে অনেক অগ্রগামী চিন্তা করতেন। ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা’ কবিতার সেই আবেগ আমাদের তরুণ প্রজন্মের সঙ্গে মিশে আছে। যখনই সমাজে স্থবিরতা বা অচলায়তন তৈরি হয়, তখনই নবীনেরা সমাজকে জাগিয়ে তুলে রক্ষা করে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানেও রবীন্দ্র সাহিত্য ছিল প্রেরণার মূল শক্তি।
সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মের প্রতি আহ্বান:
মো. নূরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, হুমায়ূন আহমেদের মতো বড় মাপের সাহিত্যিক বা বিখ্যাত কবিরা চলে যাওয়ার পর আমরা তেমন কাউকে তৈরি করতে পারিনি। বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “রবীন্দ্রনাথের লেখা পড়ে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আমাদের উচিত অপসংস্কৃতি বর্জন করে নিজস্ব সত্তায় ফিরে আসা এবং এমন একটি সমাজ গড়া যেখানে মাদক, অপশক্তি ও স্বৈরাচার থাকবে না।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের উপস্থিতিতে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে চিফ হুইপকে উত্তরীয় পরিয়ে দিয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
#রবীন্দ্রনাথ_ঠাকুর #চিফ_হুইপ #নূরুল_ইসলাম #বিপ্লব #স্বৈরাচার_পতন #শিল্পকলা_একাডেমি #সংস্কৃতি #বাংলাদেশ #RabindranathTagore #PressPoint


