রাকাব নওগাঁ জোনের গৌরবময় অর্জন, বিভাগে প্রথম স্থান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোন ২০২৫-২৬ অর্থবছরের হিসাব সমাপনীতে ১৭ কোটি ২৪ লাখ টাকা অপারেশনাল মুনাফা অর্জন করে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

Jul 2, 2026 - 21:36
 0  21
রাকাব নওগাঁ জোনের গৌরবময় অর্জন, বিভাগে প্রথম স্থান
×

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোন ৩০ জুন ২০২৬ ভিত্তিক সদ্য সমাপ্ত বার্ষিক হিসাব সমাপনীতে ১৭ কোটি ২৪ লাখ টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে জোনটি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

ব্যাংক সূত্রে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, বিপণন, বাজার ব্যবস্থাপনা এবং সিএমএসএমই (CMSME) খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাকাব। সরকারি বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য মুনাফা অর্জনকে ব্যাংকটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাকাব নওগাঁ জোনের প্রধান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জনের পেছনে আমাদের ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের সহযোগিতা ও প্রেরণাই আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “নওগাঁ জোনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। একই সঙ্গে আমাদের সম্মানিত গ্রাহক, অংশীজন ও শুভানুধ্যায়ীদের আস্থা এবং সহযোগিতাও এ অর্জনের অন্যতম ভিত্তি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, এ সাফল্য নওগাঁ জোনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও গ্রাহকসেবা, কৃষি উন্নয়ন এবং আর্থিক খাতের অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।