মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের গভীর শোক
চট্টগ্রামের পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহতামিম ও বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে এক শোক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তার হাজারো ছাত্র-ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "মাওলানা আবু তাহের নদভী ছিলেন ইলমে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম। নিরবচ্ছিন্ন ইলম চর্চা ও দ্বীনের প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
বিবৃতিতে আরও বলা হয়, তার মতো একজন প্রাজ্ঞ আলেমের ইন্তেকালে দেশের ইলম চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। পীর সাহেব চরমোনাই মরহুমের জান্নাতে উচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে খাস দোয়া করেন।
উল্লেখ্য, মাওলানা আবু তাহের নদভী দীর্ঘদিন ধরে পটিয়া মাদরাসার প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে দেশের কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সারা দেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।


