মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন
গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে মিরসরাইয়ে প্রস্তুত হাজারো নেতাকর্মী। ধুমঘাট থেকে চট্টগ্রাম সিটি গেটে ২৪টি স্থানে থাকবে স্বেচ্ছাসেবক দল।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তেল-গ্যাস ও সারের কৃত্রিম সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ঐতিহাসিক লংমার্চ সফল করতে মিরসরাইয়ে ব্যাপক প্রস্তুতি ও নেতাকর্মীদের সমাগমের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মিরসরাইয়ের স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার।
সভায় জানানো হয়, লংমার্চের বিশাল বহরটি মিরসরাইয়ের ধুমঘাট সীমান্ত থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ৬৪ কিলোমিটার পথ অতিক্রম করবে। যাতায়াতের সুবিধার্থে ও নিরাপত্তা বজায় রাখতে এই পুরো পথে ২৪টি পয়েন্টে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য পেশ করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ দফা দাবিতে আয়োজিত এ লংমার্চের অংশ হিসেবে আগামীকাল শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল গণজমায়েতের আয়োজন করা হয়েছে।
ঐক্যজোটের এই গণজমায়েতে যোগ দিতে শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে ৫ শতাধিক যানবাহনের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবেন। পথিমধ্যে চট্টগ্রাম অভিমুখে আরও শত শত গাড়ি যুক্ত হয়ে প্রায় দুই হাজারেরও বেশি গাড়ি নিয়ে বিকেলে লংমার্চটি চট্টগ্রামে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মিরসরাইয়ে পথসভা ও প্রস্তুতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পথিমধ্যে মিরসরাই সদরসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ সারির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ভাষণ দেবেন। শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে লংমার্চের বহরটি মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। মিরসরাইয়ের পথসভায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মীর গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, উপজেলা সভাপতি মাওলানা মফিজুল হক, এনসিপির মিরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, জেলা ছাত্রশিবির সভাপতি রায়হান উদ্দিন ও পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।


