ঢাকায় গণমিছিলসহ তিন মাসের কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে মে, জুন ও জুলাই মাসে জেলা সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন মাওলানা মামুনুল হক।

Apr 24, 2026 - 18:46
 0  31
ঢাকায় গণমিছিলসহ তিন মাসের কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের
×

গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদ্যমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে ঢাকায় গণমিছিলসহ তিন মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির অংশ হিসেবে আগামী মে, জুন ও জুলাই মাসে দেশের প্রতিটি জেলায় জেলায় ‘নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে এবং ৫ আগস্ট রাজধানী ঢাকায় বিশাল গণমিছিল করবে দলটি।

​শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বিশাল গণসমাবেশ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

​মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে এবং দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। ৫ আগস্টের গণমিছিলকে সফল করতে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন:

​মাওলানা জালালুদ্দীন আহমদ, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।

​নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি।

​মোস্তাফিজুর রহমান (ইরান), চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি।

​রাশেদ প্রধান, মুখপাত্র, জাগপা।

​আবু সাদিক কায়েম, ভিপি, ডাকসু।

​আবদুল্লাহ আল জাবের, সাধারণ সম্পাদক, ইনকিলাব মঞ্চ।

​এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। জনাকীর্ণ এই সমাবেশ থেকে নেতৃবৃন্দ সতর্কবার্তা উচ্চারণ করেন যে, জনগণের দাবি আদায়ে রাজপথের এই লড়াই কর্মসূচি অনুযায়ী অব্যাহত থাকবে।