গোবিপ্রবি সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাহিত্য সংসদের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নিয়মিত পাঠচক্র ও মুক্ত আলোচনা অনুষ্ঠান ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’। সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও সমকালীন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ আড্ডায় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করা হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়া’ এবং কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা। এছাড়া স্বরচিত কবিতা ‘মা, তোমায় পড়ে মনে’ পাঠ করেন সৈয়দা ফারজানা ইয়াসমিন বর্ষা।
আলোচনায় উঠে আসে ভাষা আন্দোলনের তাৎপর্য, খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, বিশ্ব পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা, ধূমপানের সুফল-কুফল, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সম্ভাবনা ও চ্যালেঞ্জ, বিজ্ঞান ও মানবিকতার সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক বিষয়।
পাঠ ও আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’, এডওয়ার্ড সাঈদের ‘ওরিয়েন্টালিজম’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’, সৈয়দ শামসুল হকের ‘নুরুলদীনের সারাজীবন’, আর্নেস্ট হেমিংওয়ের ‘The Old Man and the Sea’সহ বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ‘ইকিগাই’ ধারণা, মির্জা গালিবের সাহিত্যকর্ম এবং সমকালীন সাহিত্য ও সমাজ-বাস্তবতার নানা দিক নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের সাহিত্য আড্ডা পাঠাভ্যাস গড়ে তোলা, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজক মন্ডলীর পক্ষ থেকে গোবিপ্রবি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ বলেন, "ঈদুল আযহা ও অন্যান্য ছুটি মিলিয়ে বেশ অনেকদিন পর ক্যাম্পাসে একটি প্রাণবন্ত উন্মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে, আমরা আশা করছি পরবর্তী সপ্তাহ গুলোতেও বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা এই আড্ডা গুলোতে অংশ নিয়ে নিজেদের এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবেন।"
গোবিপ্রবি সাহিত্য সংসদ ভবিষ্যতেও নিয়মিত সাহিত্য আড্ডা, পাঠচক্র ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


