দিল্লির যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ প্রধানের
দিল্লিতে সভার জন্য হল না পাওয়ার অভিযোগে ক্ষমতাসীন বিজেপির ওপর ক্ষোভ প্রকাশ করে ঐতিহাসিক যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ভারতে রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে দ্বিতীয় দফার বড় আকারের আন্দোলনের তীব্র ‘হুঁশিয়ারি’ দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা অভিজিৎ দীপকে।
বুধবার এক বিশেষ সভায় তিনি অভিযোগ করে বলেন, দিল্লিতে তাঁদের রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সভার জন্য বহু চেষ্টা করেও কোনো হল ভাড়া নেওয়া সম্ভব হয়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাজারো অনুসারী জানতে চাচ্ছেন যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলন কবে শুরু হচ্ছে। তাঁদের উদ্দেশে স্পষ্টভাবে জানাতে চাই, খুব দ্রুতই যন্তর মন্তরে আন্দোলন সিজন-টু নিয়ে আমরা রাজপথে নামছি।"
হল ভাড়া না পাওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা একটা সভার হল বুকিং দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কাছে জায়গা ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই একই কথা বলছিলেন—ওপর থেকে নাকি প্রচণ্ড চাপ রয়েছে।"
পরিস্থিতির বিস্তারিত জানিয়ে তিনি আরও দাবি করেন, "আমরা অনেক কায়দা-কানুন করে একটি হল ভাড়া পেয়েছিলাম এবং আমাদের কাছে সেই বুকিংয়ের যথাযথ রসিদও রয়েছে। কিন্তু বুধবার সকালে হলের মালিকদের সরাসরি হুমকি দেয়া হয়। তাঁদের পরিষ্কার বলা হয়েছে, যদি সিজেপিকে সভা করার অনুমতি দেওয়া হয়, তবে তাদের উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে।"
পুরো বিষয়টিকে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্দেশ্যপ্রণোদিত নাটক হিসেবে আখ্যা দিয়ে দীপকে বলেন, "বিজেপির এসব হিংসাত্মক কার্যকলাপ ও কথাবার্তাতেই স্পষ্ট যে তারা দেশের সচেতন যুবসমাজকে কতটা ভয় পাচ্ছে! তারা যদি ভেবে থাকে এ ধরনের তুচ্ছ ও অপছন্দনীয় কর্মকাণ্ড চালিয়ে আমাদের দমিয়ে রাখবে বা আমরা ভয় পাব, তবে তারা মারাত্মক ভুলের মধ্যে বাস করছে।"


