ইবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ কার্যবর্ষের তরুণ লেখক ও সংগঠকদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা, সনদ ও স্মারক প্রদান করা হয়।

Jul 30, 2026 - 16:29
Jul 30, 2026 - 16:29
 0  7
ইবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
×

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইই (IIE) ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ কার্যবর্ষে ক্যাম্পাসের তরুণ লেখকদের সাহিত্য ও সৃজনশীল লেখালেখিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ছিল মাসিক সেরা চিঠি লেখক, সেরা কলাম লেখক এবং বার্ষিক সেরা লেখক পুরস্কার।

এছাড়া গত দুই কার্যবর্ষের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সেরা সংগঠক, সেরা টিম লিডার, সেরা উদ্যমী সংগঠকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরুণ লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। লেখকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যতে আরও মানসম্মত লেখালেখির অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ লেখকরা এ ধরনের উদ্যোগকে লেখালেখির চর্চা, দক্ষতা বিকাশ এবং নতুন লেখকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সৃজনশীল ও দায়িত্বশীল লেখালেখির চর্চা বিস্তারে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।