ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে হঠাৎ অচল হয়ে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। হঠাৎ সেশন ‘লগআউট’ এবং লগইন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি মেটা ব্যবহারকারী।
হঠাৎ করেই বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত থেকে ব্যবহারকারীরা এই বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন। হুট করেই মোবাইল অ্যাপ এবং কম্পিউটার সংস্করণ (ওয়েব) থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যাচ্ছে। এরপর নতুন করে আর লগইন করা যাচ্ছে না।
বিশ্বের ওয়েবসাইট ও অনলাইনের ত্রুটি বা বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক পোর্টাল ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, মেটার এই কারিগরি ত্রুটিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফেসবুকের ওয়েবসাইটের ব্যবহারকারীরা। হাজার হাজার ব্যবহারকারী ইতিমধ্যে ডাউনডিটেক্টরে তাদের ভোগান্তির কথা রিপোর্ট করেছেন।
ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই হোম স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (Account Temporarily Unavailable) শীর্ষক একটি বার্তা বা নোটিফিকেশন প্রদর্শন করা হচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের সমস্যার খবর পাওয়া গেছে।
বিশ্বজুড়ে প্রভাব ও এক্সে ঝড়:
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চল নয়; বরং আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলের কোটি কোটি ব্যবহারকারী এই আকস্মিক সমস্যার মুখোমুখি হয়েছেন। ফেসবুকে ঢুকতে না পেরে লাখ লাখ ব্যবহারকারী এখন ভিড় করছেন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)। ইতিমধ্যে এক্সে #FacebookDown এবং #MetaOutage হ্যাশট্যাগ দুটি বিশ্বজুড়ে শীর্ষ ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। সেখানে ব্যবহারকারীরা স্ক্রিনশট শেয়ার করে তাদের ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করছেন।
সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক পেজ ও অনলাইনের ওপর নির্ভরশীল উদ্যোক্তারা এই বিভ্রাটের কারণে বড় ধরনের বিপাকে পড়েছেন। আকস্মিক এই আউটেজের ফলে মেটার মেসেঞ্জার সেবাও বিঘ্নিত হওয়ার তথ্য আসছে।
তবে চলমান এই বৈশ্বিক বিভ্রাট এবং কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ নিয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য, ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের মূল সার্ভারে কোনো বড় ধরনের জটিলতা বা রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই বিঘ্ন ঘটতে পারে।


