রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

Aug 9, 2026 - 13:41
 0  4
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
×

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য।

​রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

​সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, "১১ দল সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতেই তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।"  

​বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথেই হাঁটছে। ইতোমধ্যে এই সরকার নানা ধরনের সাংবিধানিক সংকট তৈরি করেছে।"  

​এদিকে, প্রার্থী হিসেবে মনোনীত করায় ১১ দলীয় জোটের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্নেল অলি আহমদ। তিনি বলেন, "দেশবাসীকে কথা দিচ্ছি, রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের এবং জনগণের সঙ্গে কখনো বেইমানি করব না। সর্বাবস্থায় দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।"

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কমিশন। সংবিধান ও আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।