বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে NFBD-এর খাবার বিতরণ
বগুড়ার চেলোপাড়া শিশু পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)। এটি সংগঠনটির ইভেন্ট-১৯৫-এর অংশ।
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বগুড়ায় খাবার বিতরণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির ইভেন্ট-১৯৫-এর অংশ হিসেবে বগুড়া শহরের চেলোপাড়া শিশু পার্কে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় সদস্য জয় পোদ্দারের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খাবার তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাদাত মাহাদী, সাংগঠনিক সম্পাদক অহনিশ তরফদার, ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মুহতাসিম ইসলাম, ইভেন্টবিষয়ক সম্পাদিকা মারিয়া বিনতে কায়সার, ইকরামুল হক সিয়াম, তনুশ্রী ও সারাফাত।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশুদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, ছোট ছোট মানবিক উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। সেই বিশ্বাস থেকেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এ পথচলা অব্যাহত থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “সহানুভূতি নয়, অধিকারভিত্তিক সহায়তা”— এই স্লোগানকে সামনে রেখে মানুষের পাশে থাকার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


