গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বালিকা দল গঠন করা বিদ্যালয় বা মাদরাসাগুলোর জন্য বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Jul 30, 2026 - 20:37
 0  4
গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
×

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা'য় বালিকা দল গঠন সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি দূর করে সরকার তার স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এই প্রতিযোগিতায় বালিকা দল গঠন করা বিদ্যালয় বা মাদরাসা—যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক (Optional) রাখা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) চট্টগ্রাম প্রেস ক্লাবে উক্ত প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি ও সার্বিক আপডেট জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

​শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “টুর্নামেন্টে বালক দলের পাশাপাশি বালিকা দল প্রতিযোগিতায় অংশ নেবে, এটি ঠিক। তবে সাধারণ স্কুল-কলেজ কিংবা মাদরাসার মেয়েদের দল গঠন সম্পূর্ণ অপশনাল বা ঐচ্ছিক রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠান চাইলে অংশ নেবে, না চাইলে অংশ নেবে না—সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করবে।”

বিতর্কের অবসান ও সরকারের অঙ্গীকার

​উল্লেখ্য, সম্প্রতি মাদরাসার দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন সংক্রান্ত একটি প্রাথমিক নির্দেশনা জারি হওয়াকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের জের ধরেই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে ক্রীড়া খাত নিয়ে সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসার, সুপ্ত প্রতিভা অন্বেষণ, আনন্দময় শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং বিশেষ করে নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের নির্বাচনী ওয়াদার অংশ।”

প্রাকৃতিক দুর্যোগে পেছাল টুর্নামেন্ট

​টুর্নামেন্টের সংশোধিত সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৯ আগস্ট থেকে দেশের এই বৃহৎ ফুটবল প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামসহ বেশ কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে।

​সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে আগামী সেপ্টেম্বরের ৯ বা ১০ তারিখে করার সিদ্ধান্ত গৃহীীত হয়েছে।