ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ হাসপাতালে ৬ জনের মৃত্যু হলো, বর্তমানে চিকিৎসাধীন ৪৪ রোগী।

Jul 29, 2026 - 12:41
 0  2
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী
×

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

​এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া কিশোর রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, 'ডেঙ্গু শক সিনড্রোমে' তার মৃত্যু হয়েছে।

​২৪ ঘণ্টার ডেঙ্গু চিত্র

হাসপাতালের দেওয়া 'ডেঙ্গু সামারি' অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং মারা গেছেন ১ জন।

​বর্তমানে হাসপাতালের বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডে মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং ১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

২০২৬ সালের শুরু থেকে মোট চিত্র

​হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৬ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে অধিকাংশ সুস্থ হয়ে ছাড়পত্র পেলেও এ পর্যন্ত মোট ৬ জন রোগী মারা গেছেন।

​ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মোস্তফা ফয়সাল রাহাত জানান, “ডেঙ্গু আক্রান্ত রোগীদের ডেডিকেটেড ওয়ার্ডে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগীর চাপ আরও বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী পৃথক ডেঙ্গু ওয়ার্ডের পরিধি আরও বিস্তৃত করা হবে।”