ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ

জুলাই অভ্যুত্থানের কর্মসূচি ও প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে পৃথক সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই ক্যাম্পাসে আহত হয়েছেন অনেকে।

Aug 4, 2026 - 17:36
 0  4
ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ
×

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন ও উন্নয়ন দাবি কেন্দ্র করে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামী ছাত্রশিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পৃথক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে ক্যাম্পাস দুটিতে এসব সহিংসতার ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজে অন্তত ২৭ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

​ঢাকা কলেজে গ্যালারি সাজানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া

​মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২-এ সংঘর্ষের সূত্রপাত হয়। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করেছিল কলেজ শাখা ছাত্রশিবির।

​ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, অনুষ্ঠান উপলক্ষে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে তাদের সাজসজ্জার কাজ চলছিল। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী এসে তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং পরে তাঁকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নেওয়া হয়।

​অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদল কর্মী রাসেল জানান, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগতরা ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রদল কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলে ও মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

​এ ঘটনায় ছাত্রশিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের আগমনকালে সহিংসতা

​অন্যদিকে, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের আগমন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবেশকালে হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা।

​জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে গেলে ছাত্রদল নেতারা জকসু প্রতিনিধি ও তাঁদের সমর্থকদের ওপর চড়াও হন। শিবিরের অভিযোগ, ছাত্রদলের হামলায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মারধরের শিকার হন।

​জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন উল্টো অভিযোগ করে বলেন, "ছাত্রশিবির ও জকসু প্রতিনিধিরা পরিকল্পিতভাবে 'মব' সৃষ্টি করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা নিজেরাই নিজেদের প্ল্যাকার্ড ছিঁড়ে ছাত্রদলের ওপর দায় চাপাচ্ছে।"