বিয়ের দাবিতে হিন্দু ছেলের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন শেরপুরের এক মুসলিম তরুণী।

Nov 1, 2026 - 11:11
 0  1
বিয়ের দাবিতে হিন্দু ছেলের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান
×

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন শেরপুরের এক মুসলিম তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও নানা আলোচনা তৈরি হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ের (২২) সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার বিমল দাসের মেজো ছেলের (২১) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে সম্পর্ক চলার পর বিয়ের দাবিতে ওই তরুণী যুবকের বাড়িতে এসে অবস্থান নেন।

তরুণীর দাবি, গত এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ায় পৌঁছালে যুবকের পরিবারের সদস্যরা তাঁকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। তিনি ওই যুবককে বিয়ে করতে চান। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও আগ্রহী বলে জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

যুবকের বাবা বিমল দাস বলেন, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, মেয়ের বিষয়ে তাঁদের আর কোনো দাবি নেই; পরিবার যা ইচ্ছা করতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মুসলিম তরুণীর হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।