স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেনি, অভিযোগের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে।

Jun 15, 2026 - 19:16
 0  2
স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
×

স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে আদ্-দ্বীন হাসপাতাল তাঁর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অনৈতিক অভিযোগের সত্যতা ও প্রমাণ মন্ত্রীকেই হাজির করতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

​আজ সোমবার (১৫ জুন) বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

​সম্প্রতি গত শনিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্তব্য করেছিলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’ স্বাস্থ্যমন্ত্রীর এমন বিস্ফোরক বক্তব্যের বিষয়ে সংবাদ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. শেখ মহিউদ্দিন তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, "আমি বা আমাদের প্রতিষ্ঠান কেন মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরব? যদি তিনি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এ ধরনের কোনো দায়িত্বজ্ঞানহীন কথা বলে থাকেন, তবে সেটি তথ্য-প্রমাণসহ তাঁকেই জনগণের সামনে প্রমাণ করতে হবে।"

নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল আগামীকাল:

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বা নিবন্ধন বাতিলের বিষয়ে মন্ত্রণালয়ের নেওয়া এক সিদ্ধান্তের বিষয়ে ডা. শেখ মহিউদ্দিন বড় ঘোষণা দেন। তিনি জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের এই একপেশে সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করা হবে। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই সংকটের সুষ্ঠু সমাধান চান।

​সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।