দাওরায়ে হাদিস পরীক্ষার রেজাল্ট ২০২৬, দেখবেন যেভাবে

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ সনের দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ; ছাত্রদের পাসের হার ৯২.৯১% ও ছাত্রীদের ৮৪.৮১%।

Mar 24, 2026 - 14:36
 0  19
দাওরায়ে হাদিস পরীক্ষার রেজাল্ট ২০২৬, দেখবেন যেভাবে
×

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড 'আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ'-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি (২০২৬) সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই ফল ঘোষণা করা হয়।

ফলাফলের পরিসংখ্যান:

এ বছর মোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৪৯১ জন উত্তীর্ণ হয়েছেন। ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৮১ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে 'মুমতাজ' (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ১,৪৭৮ জন ছাত্র ও ৯৭ জন ছাত্রী। ২০ জনের পরীক্ষা প্রবিধি ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় শীর্ষস্থান:

​ছাত্র বিভাগে: ৯৩২ নম্বর পেয়ে সারাদেশে প্রথম হয়েছে ঢাকার ঢালকানগর মাদ্রাসার খালেদ হাছান। ৯২৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পটিয়া মাদ্রাসার মো. আব্বাস এবং ৯২৫ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে মোহাম্মদপুর জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুতাসিম বিল্লাহ ও ঢালকানগর মাদ্রাসার মুহা. আবু রায়হান।

​ছাত্রী বিভাগে: ৮৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে ঢাকার রামপুরা ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার আসমা। ৮৮৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে লালমনিরহাটের মোছা. ফাতিমাতুয যাহরা এবং ৮৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে উত্তরা আল-জামিয়াতুল ইসলামিয়ার তাহসিনা সিদ্দীকা মারিয়া।

ফলাফল দেখার নিয়ম:

ব্যক্তিগত ও মাদ্রাসাভিত্তিক ফলাফল আল-হাইআতুল উলয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://hems.alhaiatululya.org থেকে দেখা যাবে। এছাড়া মাদ্রাসার অ্যাডমিনরা সরাসরি HEMS সফটওয়্যারের মাধ্যমে ফলাফল প্রিন্ট করতে পারবেন।