তাহিরপুরে সুজন পালের বাড়ি যেন মাদকের আস্তানা, উদ্বেগে গ্রামবাসী
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেলীগাঁও গ্রামে সুজন পালের বসতবাড়ি মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দিনশেষে সন্ধ্যা নামলেই জমে ওঠে বখাটেদের আড্ডা, আর গভীর রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা রূপ নেয় মাদকের প্রকাশ্য অভয়ারণ্যে। এমনই এক উদ্বেগজনক ও আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেলীগাঁও গ্রামের সুজন পালের বাড়িতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তেলীগাঁও গ্রামের সুজন পালের বসতবাড়ির 'বাংলা ঘরে' সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের খালি বোতল এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই সুজন পালের (৩৩) আস্তানায় তার সহযোগী বিশ্বনাথ পাল বাবলু, ভাগিনা আকাশ পাল, বিদ্যুৎ পাল ও রাজন দেসহ বহিরাগত মাদকসেবীদের যাতায়াত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। এরা রাতে সেখানে আড্ডা জমানোর পাশাপাশি অবাধে মাদক সেবন করে পুরো গ্রামের সামাজিক পরিবেশ বিনষ্ট করে চলেছে।
চুরি-ছিনতাই বৃদ্ধি ও যুবসমাজ ধ্বংসের আশঙ্কা
গ্রামবাসীর অভিযোগ, এই মাদকের আস্তানা গড়ে ওঠার পর থেকে তেলীগাঁও ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই এবং সামাজিক অপরাধের প্রবণতা বহুগুণ বেড়ে গেছে। এতে করে এলাকার শিক্ষার্থী, কিশোর ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ চূড়ান্ত হুমকির মুখে পড়েছে।
অভিযুক্ত সুজন পাল মাদক সেবন ও কেনাবেচার মতো অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায় ক্ষুব্ধ গ্রামবাসী অবিলম্বে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই চক্রটির বিরুদ্ধে জরুরিভিত্তিতে প্রশাসনের আইনি হস্তক্ষেপ ও গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সুজন পালের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


