ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের দেওয়া আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মেনে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন তিনি।

Jul 29, 2026 - 21:27
 0  3
ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
×

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে দিল্লির আমন্ত্রণ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।

​আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

​পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন দিগন্তের কথা উল্লেখ করে বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের গুণগত পরিবর্তনের (Reset) বিষয়ে আমরা পূর্বেই কথা বলেছি। আজ আবারও এ নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা উভয়েই সম্পূর্ণ ঐকমত্যে পৌঁছেছি।”

'বাংলাদেশ ফার্স্ট' নীতি ও সমান সার্বভৌমত্ব

​পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে ড. খলিলুর রহমান বলেন, “আগামী দিনগুলোতে পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবং আমাদের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অক্ষুণ্ণ রেখে সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে আমরা একমত হয়েছি। বৈঠকে আমরা সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছি।”

​তিনি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, “কোনো দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক জিরো-সাম গেম (Zero-sum game) নয়। অর্থাৎ, একজনের সঙ্গে বন্ধুত্ব জোরদার করার অর্থ এই নয় যে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। আমরা আমাদের নিজস্ব সার্বভৌম স্বার্থ অক্ষুণ্ণ রেখে সবার সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব।”

চীন সফর, সম্ভাব্য ভারত সফর ও মার্কিন সম্পর্ক

​চীনের সাথে সাম্প্রতিক সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সফল একটি সফর সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যাবেন, আমরা আশা করব সেই সফরটিও বহুলাংশে ফলপ্রসূ ও ইতিবাচক হবে। আমাদের স্বার্থ যে দেশের সাথে জড়িয়ে রয়েছে, আমরা তাদের সাথেই নিবিড়ভাবে কাজ করব।”

​এছাড়া মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের ঢাকা সফর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, চুক্তি কেন্দ্রিক কোনো ধরনের আন্তর্জাতিক চাপ সরকার অনুভব করছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক এবং তারাও এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছে।