স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার আইসিইউ কার্যক্রম উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, জরুরি রোগী পরিবহনে ৪টি হেলিকপ্টার কেনা হবে এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

Jun 14, 2026 - 19:16
 0  2
স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
×

দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও আধুনিক করতে জরুরি রোগী পরিবহনের জন্য ৪টি বিশেষায়িত হেলিকপ্টার কেনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, "উপজেলা পর্যায় থেকে জটিল ও গুরুতর রোগীদের জেলা সদর কিংবা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে আসার কাজে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হবে।"

​আজ রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ দেশের ১০টি জেলায় একযোগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

বাজেট বরাদ্দ ও ১ লাখ নতুন নিয়োগ:

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে দ্রুত ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী কর্মী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকর্মীরা সরাসরি প্রসূতি মায়েদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা প্রদান করবেন, যাতে বাড়িতে কোনো ঝুঁকিপূর্ণ ডেলিভারি না হয়। একই সঙ্গে দেশের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আন্তর্জাতিক ইউনিকমানে রূপান্তর করা হবে।

নারীদের জন্য বিশেষায়িত মেগা হাসপাতাল:

মন্ত্রী আরও ঘোষণা করেন, বিদেশি অর্থায়ন ও সহযোগিতায় দেশে নারীদের জন্য দুটি ১৫শ শয্যার (বেড) আধুনিক হাসপাতালসহ সারা দেশে মোট ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। নারীদের জন্য নির্মিত এই হাসপাতাল দুটিতে আন্তর্জাতিক মানের কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং ব্রেস্ট ক্যান্সারের উন্নত চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী জানান, বেসরকারি খাতের যৌথ সহযোগিতায় আজ থেকে ১০টি জেলায় আইসিইউ সেবা চালু হলো।

​নোংরা পরিবেশ: সিভিল সার্জনের ওপর ক্ষোভ, ৩ দিনের আলটিমেটাম

​নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে (সকাল সাড়ে ৯টায়) আকস্মিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। তিনি এসেই প্রথমে ডাক্তার ও নার্সদের হাজিরা খাতা খতিয়ে দেখেন।

​পরবর্তীতে হাসপাতাল পরিদর্শনের একপর্যায়ে রান্নাঘরে প্রবেশ করে রান্নার হাঁড়ি-পাতিলসহ সামগ্রিক পরিবেশ চরম নোংরা ও অপরিচ্ছন্ন দেখতে পান। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জের জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমানকে কঠোরভাবে ভর্ৎসনা করেন মন্ত্রী। আগামী ৩ দিনের মধ্যে রান্নাঘরের সমস্ত অপরিচ্ছন্ন সরঞ্জামাদি পরিষ্কার করে মন্ত্রীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​সমাবেশে উপস্থিত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, "ডিসি ও এসপিদের হাত অনেক লম্বা। অফিসে হাত-পা গুটিয়ে বসে না থেকে মানুষের সেবায় মাঠে নামুন এবং জেলার হাসপাতালগুলো নিয়মিত নিজ দায়িত্বে তদারকি করুন।"

অনুষ্ঠানের সভাপতিত্ব ও উপস্থিতি:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) জহিরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।