ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী

সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূলের মতো ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

Jun 13, 2026 - 16:51
 0  2
ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী
×

সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়েছে। একইভাবে সকলে ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

​শনিবার (১৩ জুন) বেলা পৌনে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। নগরীর একটি রেস্তোরাঁয় এই সেমিনারের আয়োজন করে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়।

​মিজানুর রহমান মিনু আরও বলেন, রাজশাহী আজ যে চিন্তা করে পুরো দেশ সেটা পরে চিন্তা করে। এ কারণে রাজশাহী পাইওনিয়ার। আমরা গোটা জাতিকে এমন কিছু উপহার দিব যা থেকে সবাই উপকৃত হবে। দেশের অন্য অঞ্চলের চেয়ে রাজশাহী ভিন্ন, কারণ এই বিভাগের মানুষ সবচাইতে সহনশীল ও ধৈর্যশীল। এটা আমাদেরকেই ধরে রাখতে হবে।

​রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম মাহামুদুর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।

​সেমিনারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা অংশ নেন।