বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

​২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব এবং একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Jun 12, 2026 - 17:05
 0  3
বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল
×

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ (সৃজনশীল) বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

​২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) এক ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এ বাজেট মূলত উৎপাদনবান্ধব, বিনিয়োগবান্ধব এবং ব্যবসাবান্ধব। এ বাজেটে যে ছাড়গুলো দেওয়া হয়েছে, যে রেয়াত দেওয়া হয়েছে, আমরা এর আগে এত বড় ছাড় দেখতে পাইনি।”

​শিল্প, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দের দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ বাজেটে শিল্প খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে। আমরা আশা করি যে, খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।

​বাজেট প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে, তার চিন্তা-ভাবনাগুলোকে একত্র করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অত্র মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা নিয়ে এ বাজেট প্রণয়ন করেছেন।”

​“এই বাজেটে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক। দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়।”

— মির্জা ফখরুল ইসলাম আলমগীর

​দীর্ঘ ১৫ বছরের শাসনে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল এবং শুধু অর্থনীতি নয়, একই সঙ্গে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মাঝখানে অন্তর্বর্তী সরকারও (ইন্টেরিম গভর্নমেন্ট) দেশকে ঠিক সেইভাবে একটা ট্র্যাকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। ফলে দেশ একটি ভঙ্গুর অর্থনীতি, অগোছালো প্রশাসন এবং অর্থনীতির চরম দুরবস্থার মধ্য দিয়ে গেছে।

​তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পরে অর্থনীতি পুনরুদ্ধারের মূল দায়িত্ব আমাদের ওপর এসে পড়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সরকার এই সংকটকালীন সময়ে একটি ইতিবাচক ও গতিশীল বাজেট পেশ করতে সক্ষম হয়েছে।