মেয়ের বেপরোয়া আচরণের অভিযোগে যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বেপরোয়া আচরণ এবং হামলার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের মারধর করেন মেহেজাবিন জান্নাত অনন্যা। পরদিন মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন। একপর্যায়ে তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালে কয়েকজন বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতার করতে হবে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, "এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।"


