বগুড়ার সাতমাথায় এনসিপির প্রতিবাদ সমাবেশ, হামলার নিন্দা বক্তাদের

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতার ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা।

Jul 29, 2026 - 19:34
 0  6
বগুড়ার সাতমাথায় এনসিপির প্রতিবাদ সমাবেশ, হামলার নিন্দা বক্তাদের
×

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতার ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এনসিপি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর আলতাফুন্নেসা খেলার মাঠে অবস্থিত এনসিপি বগুড়া জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে জ্বলেশ্বরীতলা, রানার প্লাজা হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মোড় প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এস. এ. মাহমুদ। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট এজাজ আল ওয়াসি জীম, ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার জুহিন এবং সদস্যসচিব সৌকত ইসলাম প্রমুখ।

বক্তারা হবিগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে, তারাই এখন রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে।

বক্তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে এনসিপি নীরব থাকবে না। তারা গণতান্ত্রিক উপায়ে তীব্র আন্দোলন গড়ে তোলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি সারা দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।