সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সিলেটে ১১ দলীয় ঐক্যের সাথে মতবিনিময়কালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণরায়ের প্রশ্নে জামায়াত আপোষ করবে না। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে।

Jun 14, 2026 - 23:13
Jun 14, 2026 - 23:21
 0  3
সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
×

দেশ ও জনগণের স্বার্থ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপোষ করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, "আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন, কিন্তু পতিত ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আমরা পিছপা হবো না। সংসদে সমাধান না হলে প্রয়োজনে রাজপথে আন্দোলন চলবে।"

​আজ রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও গৃহযুদ্ধের আশঙ্কা:

বিগত নির্বাচনের ফলাফলে কারসাজির অভিযোগ তুলে জামায়াত আমীর বলেন, "সাড়ে ১৭ বছরের কঠিন সময় পার করে জাতি একটি অর্থবহ নির্বাচন আশা করেছিল। ব্যক্তিগতভাবে আমার মত হলো—নির্বাচন সুন্দর হলেও ফলাফল সুন্দর হয়নি, ফলাফলে অনেক কিছু করা হয়েছে যা এখন অনেকেই স্বীকার করছেন। তবে জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছিলাম। কারণ, ১২ ফেব্রুয়ারির ওই নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারা সহজে বের হতে পারেনি।"

​বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভালো নির্বাচন মানেই ভালো শাসক হওয়ার প্রমাণ নয়। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার ‘জুলাই সনদ’কে উপেক্ষা করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়কে বাতিল করেছে। জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

সীমান্ত উত্তেজনা ও পুশইন:

সীমান্তে অব্যাহত উত্তেজনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ওপার থেকে প্রতিনিয়ত উস্কানি দেওয়া হচ্ছে। আমরা দুই দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কী? পুশইন সম্পর্কে তিনি বলেন, "দেশের সাধারণ মানুষ বিজিবির সহযোগী। তবে উসকানি সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা মেনে নেব না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।"

বেনজীর আহমেদ প্রসঙ্গে:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, "বেনজীরকে আটক করা দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব। কারণ বর্তমান সরকার তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও জারি করেনি। তবে বেনজীর আটক হওয়া বাংলাদেশের জন্য একটি অর্জন। তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সম্পূর্ণ সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।"

সংসদের ভূমিকা ও বাজেট প্রতিক্রিয়া:

সংসদে নিজেদের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিক বলেন, সংসদে বিরোধী দল চরমপন্থা বা গরমপন্থা অবলম্বন করবে না, বরং মধ্যমপন্থা অবলম্বন করবে। সংসদকে আর ‘মমতাজের সংসদ’ বানাতে দেওয়া হবে না। তবে আজকেও সংসদে একজন সদস্য দাঁড়িয়ে আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

​প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, বাজেটে দুর্নীতি বন্ধ এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এ দেশে ১ কোটি মানুষ ট্যাক্স দেওয়ার যোগ্য হলেও কেন মাত্র ৩৪ লাখ মানুষ ট্যাক্স দিচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর ও মোটরসাইকেলের ওপর সরকার কর বসাবে কি না, তা স্পষ্ট করার দাবি জানান।

উপস্থিত নেতৃবৃন্দ

​মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ ও মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল Hannan, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন প্রমূখ।