তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

ছাত্রদল সন্ত্রাসী সংগঠনের পথে হাঁটছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির লাগাম টানার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

Jul 30, 2026 - 21:56
 0  4
তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম
×

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছে এবং একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হওয়ার পথে পা বাড়াচ্ছে—এতে অনতিবিলম্বে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। আর তিনি যদি লাগাম টানতে না পারেন, তবে স্পষ্ট ঘোষণা দিন যে তিনি তাঁর ছাত্র সংগঠনটিকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চান।”

​আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জুলাই অভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কঠোর মন্তব্য করেন।

​সারজিস আলম বিএনপির শীর্ষ নেতৃত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা মনে করি তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক বাক্যটি স্মরণে রাখুক—‘ছাত্রদলে ছাত্রদের চাই, কোনো টোকাইদের চাই না।’ বেগম জিয়ার এই বক্তব্যটি মনে রাখলেই বিএনপির জন্য ভালো, দেশের আপামর জনতার জন্যও ভালো। তবে তারা যা-ই করুক, আমরা আমাদের রাজপথের প্রতিবাদ অব্যাহত রাখব।”

'রক্ত দেব, কিন্তু আপস করব না'

​সম্প্রতি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের এনসিপির ওপর জঘন্য সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আপনারা দেখেছেন অনেকেই রক্তাক্ত হয়েছেন। আমাদের এক ছোট ভাইয়ের চোখে অস্ত্রোপচার চলছে, সে হয়তো চিরতরে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে। এনসিপির আত্মপ্রকাশের বয়স হয়তো মাত্র এক বছর হতে পারে, ৫০ বছরের পুরোনো রাজনৈতিক দলের মতো আমাদের নেটওয়ার্ক বা পরিধি এখনো অতটা বিস্তৃত নাও হতে পারে। তবে আমাদের সেই আত্মবিশ্বাস ও নৈতিক বল আছে—আমাদের লোক যদি ১০০ জনও হয় আর অপরাধী যদি ১ হাজার জনও থাকে, ইনশাআল্লাহ ওই এক হাজার অপরাধীকে প্রতিহত করার মতো মনোবল এনসিপির আছে।”

​তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “ঘটনাস্থলে হয়তো আমরা সংখ্যায় কম ছিলাম, সেখানে রক্ত দিয়ে এসেছি কিন্তু রাজপথ ছেড়ে যাইনি এবং কোনো আপসও করিনি।”

প্রশাসনকে কড়া বার্তা

​আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, “হামলার দিন ও তার পরবর্তী সময়ে প্রশাসনের আচরণ ছিল চরম পক্ষপাতমূলক। প্রথমে তাদের ভূমিকা নীরব থাকলেও পরে দেখা গেছে তারা পুরো পক্ষপাতিত্ব করছে। স্থানীয় এমপি কিংবা সরকারের কথামতো প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে।”

​তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “দয়া করে আপনারা আপনাদের পেশাদারত্ব বিক্রি করবেন না। যদি এভাবে চলতে থাকে, তবে ভবিষ্যতে ‘বাংলাদেশ পুলিশ’ নামের প্রতিষ্ঠানটি হয়তো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর যদি কেউ সরকারি পোশাক পরে বিএনপি বা কোনো নির্দিষ্ট দলের রাজনীতি করতে চান, তবে দয়া করে পুলিশের পোশাক ছেড়ে দিয়ে সরাসরি মাঠে রাজনীতি করতে আসুন।”