কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামের মৃত্যু
কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সদর থানা মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। শোকের ছায়া এলাকায়।
কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরেও নামাজ পড়িয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। অটোরিকশাটি জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য স্তূপ করে রাখা বালুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ইমাম ও অটোরিকশাচালক উভয়ই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমামের ছেলে সালমান ফারসি অভিযোগ করে বলেন: ‘সড়কের ওপর বালু ফেলে রাস্তা আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি ওই বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে বাবা ছিটকে পড়ে প্রাণ হারান।’
দুর্ঘটনায় আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে যাওয়ার পর তিনি হয়তো হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।”
তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। প্রিয় ইমামের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


