চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যু: অভিযুক্ত এমপির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের

চকরিয়ায় বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। অভিযুক্ত এমপির পদত্যাগ দাবি করেছেন মাওলানা গাজী আতাউর রহমান।

Feb 22, 2026 - 22:32
 1  1k
চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যু: অভিযুক্ত এমপির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের
×

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের ধাক্কায় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে এই ঘটনার নৈতিক দায় নিয়ে ওই সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেছে দলটি।

​আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ক্ষোভ প্রকাশ করেন।

​ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত

​বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য উচ্চগতিতে গাড়িবহর নিয়ে পথ চলেন। ফলে এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি হত্যাকাণ্ড। শিশু খালিদের মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।”

​এমপির আচরণের তীব্র সমালোচনা

​দুর্ঘটনা পরবর্তী এমপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন:

​“শিশুটির মৃত্যুর পর সংসদ সদস্য হন্তারক গাড়িটি ছাড়াতে অতি তৎপর ছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে জনতার হাত থেকে গাড়িটি ছাড়িয়ে নেওয়ার মাধ্যমে নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। এমন আচরণের পর জাতীয় সংসদে কথা বলার নৈতিক অধিকার ওই সংসদ সদস্য হারিয়েছেন।”

​বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান

​বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান কক্সবাজার-২ আসনের এই এমপির পদত্যাগ দাবি করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রত্যাশা করি, তার ধারাবাহিকতায় অভিযুক্ত এমপিকে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। তিনি পদত্যাগ না করলে বিএনপি নেতৃত্বকে অনুরোধ করব তাকে পদচ্যুত করতে।”

​নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা

​যুগ্ম মহাসচিব নিহত খালিদ বিন ওয়ালিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একটি শিশুর প্রাণের কোনো ক্ষতিপূরণ হয় না, তবে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।