টেকনাফে সমুদ্র তীরবর্তী পাহাড়ে ভয়াবহ আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র তীর সংলগ্ন উত্তর শীলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটা এই রহস্যময় অগ্নিকাণ্ডে বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে। রাত প্রায় ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়ে চার ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ‘শহর মুল্লুক’ এলাকায় এক যুবক ছনের বাগান পরিষ্কার করার উদ্দেশ্যে পাহাড়ে আগুন দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেওয়া আগুন মুহূর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত দুর্গম পাহাড়ি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছিল।
আবছার নামে স্থানীয় এক যুবক জানান, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। এই অগ্নিকাণ্ডে পাহাড়ের গহীন বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের বক্তব্য
বাহারছড়া শীলখালী বিট কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
স্থানীয় সাংবাদিক রিয়াজুল হাসান খোকন ঢাকা পোস্টকে বলেন, রাত ১২টার পর বন বিভাগ, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।


