মাদকমুক্ত ভবিষ্যতের প্রত্যয়ে বগুড়ায় নবজাগরণ ফাউন্ডেশনের প্রচারণা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নবজাগরণ ফাউন্ডেশন। মাদকের ক্ষতিকর প্রভাব ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয় এ কর্মসূচিতে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে নবজাগরণ ফাউন্ডেশন, বগুড়া শাখা।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা সাধারণ মানুষের মাঝে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, মাদক থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
এ সময় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবনকে বিপথগামী করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
নবজাগরণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।


