দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, গাজী সালাউদ্দিন তানভীরকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি বগুড়া জেলা শাখাও।

Jul 31, 2026 - 22:48
 0  2
দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, গাজী সালাউদ্দিন তানভীরকে শোকজ
×

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল না করলে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী বলেন, “গাজী সালাউদ্দিন তানভীর ভাইয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। বগুড়া জেলা এনসিপি কারও ব্যক্তিগত মতের দায়ভার নেবে না।”

তার এই বক্তব্যের মাধ্যমে বগুড়া জেলা এনসিপি স্পষ্ট করেছে যে, সংশ্লিষ্ট মন্তব্যের দায় দলীয়ভাবে বহন করা হবে না এবং বিষয়টি ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হচ্ছে।