গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিতে নবজাগরণ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষের গুরুত্ব বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Jun 30, 2026 - 14:05
Jun 30, 2026 - 14:12
 0  3
গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিতে নবজাগরণ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
×

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে তাদের হাতে-কলমে বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ কর্মসূচিটিকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

নবজাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিও পূর্ণ সমর্থন ব্যক্ত করে এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নবজাগরণ ফাউন্ডেশন।