আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সাথে চলমান সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

Feb 28, 2026 - 04:58
 0  3
আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
×

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা আলোচনার মাধ্যমে বর্তমান সংঘাতের সমাধান চান। তবে পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তবে তালেবান সরকারও পাল্টা পদক্ষেপ নিতে পিছপা হবে না।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি পাকিস্তানের জন্য একটি স্পষ্ট বার্তা যে, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।” তিনি আরও যোগ করেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমেই এই লড়াইয়ের সমাপ্তি চাই।”

​তালেবান মুখপাত্র অভিযোগ করে বলেন, পাকিস্তান কখনোই আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী ছিল না। আজও আফগান আকাশসীমায় পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়তে দেখা গেছে বলে তিনি দাবি করেন। পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশকে এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী করেন মুজাহিদ।

সংঘাতের প্রেক্ষাপট:

উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তালেবান সরকার সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দিচ্ছে। এই অজুহাতে গত রোববার আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে গতকাল রাতে আফগান সেনারা পাকিস্তানি বাহিনীর ওপর অতর্কিত পাল্টা হামলা শুরু করে।

​জাবিহুল্লাহ মুজাহিদ টিটিপি প্রসঙ্গ নিয়ে বলেন, “টিটিপি কেবল একটি অজুহাত। এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাকিস্তান যদি তাদের ‘শয়তানি’ অব্যাহত রাখে, তবে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।”

​ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক থাকলেও তা কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।