২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।

Jun 22, 2026 - 20:23
 0  10
২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের
×

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ যখন একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে এবং দেশ গঠনের কাজ চলছে, তখন জাতি আর কোনো নতুন অস্থিরতা চায় না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল ২৩ জুন (মঙ্গলবার) ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে পুরো জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে পুলিশসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার অনুরোধ করা হয়েছে।

​আজ সোমবার (২২ জুন) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এই আহ্বান জানান।

সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন:

বিবৃতিতে ২৩ জুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, “ক্ষমতা থেকে উৎখাতের দুই বছর পরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে বড় ধরনের সহিংসতা করার মতো সক্ষমতা আছে কিনা, তা একটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার গণরোষে টিকতে না পেরে উৎখাত হয়েছে, সেই শক্তিকে মাঠপর্যায়ে মোকাবিলা করার জন্য এখন নতুন করে সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন বা যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।”

আওয়ামী লীগের প্রতি অপরাধ স্বীকারের আহ্বান:

মাওলানা ইউনুস আহমদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ও মাঠপর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিগত শাসনামলে আপনারা এ দেশের মানুষের ওপর যে নির্মম নির্যাতন ও অপরাধ করেছেন, সবার আগে তার দায় স্বীকার করুন। নিজেদের অপরাধ মেনে নিয়ে অবিলম্বে পুরো জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। একই সঙ্গে আপনাদের দলের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন অপরাধ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা অনতিবিলম্বে আইনের কাছে আত্মসমর্পণ করুন।”

​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আপনারা যদি পুনরায় কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তবে এ দেশের সচেতন জনতা তা শক্ত হাতে দমন করবে। আর তা করলে আপনাদের দলের রাজনৈতিক অস্তিত্বের বিলুপ্তি আরও ত্বরান্বিত হবে।”