আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান
ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান ও ডি ফ্যাক্টো সুপ্রিম লিডার আলি লারিজানি নিহত হয়েছেন; মেহের নিউজের বরাতে ইরানের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং দেশটির বর্তমান ডি ফ্যাক্টো সুপ্রিম লিডার আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। গত মঙ্গলবার রাতে তার ওপর এই বর্বরোচিত হামলা চালায় ইসরায়েল। হামলার প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত ৩টার দিকে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ লারিজানির শাহাদাতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, “ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।”
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি প্রাণ হারানোর পর লারিজানি কার্যত ইরানের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করছিলেন। খামেনির পূর্বনির্দেশনা অনুযায়ী তিনি কমান্ড গ্রহণ করে যুদ্ধ পরিচালনা করে আসছিলেন। লারিজানির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


