এসএসসিতে গণহারে ফেল: শিক্ষক-শিক্ষিকাদের তালাবদ্ধ করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

শেরপুর জেলার সদর উপজেলার রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় নজিরবিহীন গণহারে ফেলের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে, শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ

Aug 11, 2026 - 08:24
 0  6
এসএসসিতে গণহারে ফেল: শিক্ষক-শিক্ষিকাদের তালাবদ্ধ করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
×
শেরপুর জেলার সদর উপজেলার রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় নজিরবিহীন গণহারে ফেলের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মধ্যস্থতা করে। শিক্ষকদের লিখিত অঙ্গীকারের ভিত্তিতে প্রায় কয়েক ঘণ্টা পর অবরুদ্ধ শিক্ষকবৃন্দ মুক্তি পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় রামেরচর হাই স্কুল থেকে তিনটি বিভাগে সর্বমোট ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, মাত্র ২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং বাকি ৫৭ জন শিক্ষার্থীই ফেল করেছে। এর মধ্যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—ফেলের হার শতভাগ। আর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল করেছে ৪৩ জন।

ফলাফলের এমন চরম বিপর্যয়ে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। তারা সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষকদের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষকদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই স্কুলের ফলাফলের এই ভয়াবহ দশা হয়েছে।

সংবাদ পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশের একটি দল দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিক্ষোভকারীদের মধ্যে ত্রিমুখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষকেরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ ফলাফলের বিষয়ে জবাবদিহিতামূলক লিখিত অঙ্গীকার প্রদান করেন। এই লিখিত মুচলেকায় আশ্বস্ত হওয়ার পর বিকেল নাগাদ শিক্ষক কার্যালয়ের তালা খুলে দেওয়া হয় এবং অবরুদ্ধ শিক্ষকবৃন্দকে মুক্ত করেন আন্দোলনকারীরা।