শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগ, বর্ধমান থেকে গ্রেপ্তার ১

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে জইশ-ই-মোহাম্মদ সম্পর্কিত এক ব্যক্তিকে বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ ও পুলিশ।

Jul 31, 2026 - 22:23
 0  5
শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগ, বর্ধমান থেকে গ্রেপ্তার ১
×

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

​আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে জোর তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

​তদন্তকারী কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃত হামিদ মণ্ডল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাজ্জাদ ভাট গোষ্ঠীর সাথে সরাসরি যুক্ত। তিনি পাকিস্তান থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে কাজ করছিলেন। হামিদ শুভেন্দু অধিকারীর গতিবিধি ও অবস্থানসংক্রান্ত তথ্য কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলে অভিযানের পর জানানো হয়।

শুভেন্দুর চলাফেরা ও নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য উদ্ধার

​পুলিশ সূত্রে জানা গেছে, হামিদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর সফরসূচি, কনভয়ের ভিআইপি মুভমেন্ট এবং নিরাপত্তাসংক্রান্ত একাধিক স্পর্শকাতর নথি ও তথ্য উদ্ধার করা হয়েছে। এমনকি শুভেন্দুর ব্যবহৃত নিরাপত্তা গাড়ি, চালক এবং গাড়ি রাখার স্থান সম্পর্কেও তার কাছে বিস্তারিত তথ্য সংরক্ষিত ছিল।

​গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, জইশ-ই-মোহাম্মদের নজরদারিতে কেবল তিনিই নন, রাজ্যের অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন। তাঁদের মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রাইও আছেন বলে তিনি উল্লেখ করেন।

শুভেন্দু অধিকারীর বক্তব্য

​বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “এটি ভীষণ স্পর্শকাতর বিষয়, তাই এখনই আমি বিস্তারিত কোনো মন্তব্য করব না। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। এটি সরাসরি জাতীয় নিরাপত্তার বিষয়।”

​উল্লেখ্য, এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।