গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন চান আ. লীগ নেত্রী!

গোপালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাওয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা।

Apr 20, 2026 - 14:12
 0  13
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন চান আ. লীগ নেত্রী!
×

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বর্তমান পদধারী নেত্রী সুবর্ণা ঠাকুরের বিএনপির মনোনয়ন পাওয়ার তৎপরতা নিয়ে জেলা ও উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সুবর্ণা ঠাকুর ওড়াকান্দি ঐতিহ্যবাহী হরিচাঁদ ঠাকুর পরিবারের একজন সদস্য।

আওয়ামী লীগ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

​অনুসন্ধানে জানা গেছে, সুবর্ণা ঠাকুর বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় এই নেত্রী হঠাৎ করেই ভোল পাল্টে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে তাঁর এমন ভোলবদলকে ‘সুবিধাবাদ’ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ

​সুবর্ণা ঠাকুরের এই তৎপরতায় স্থানীয় বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তাঁদের দাবি:

​ত্যাগী নেতাদের অবমূল্যায়ন: যারা বছরের পর বছর মামলা-হামলা ও জেল-জুলুম সহ্য করে জাতীয়তাবাদী আদর্শ ধরে রেখেছেন, তাঁদের বাদ দিয়ে অন্য দল থেকে আসা কাউকে সুযোগ দেওয়া দলের জন্য হতাশাজনক।

​আদর্শিক বিচ্যুতি: সরাসরি আওয়ামী লীগের কমিটিতে থাকা অবস্থায় বিএনপির মনোনয়ন প্রত্যাশা করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

​চরম প্রতিবাদ: তৃণমূলের কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, সুবিধাবাদী কাউকে মনোনয়ন দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সুবর্ণা ঠাকুরের বক্তব্য

​এ বিষয়ে সুবর্ণা ঠাকুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও মনোনয়ন প্রত্যাশার বিষয়টি স্বীকার করেন। তবে বর্তমানে আওয়ামী লীগের কমিটিতে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি দ্রুত ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।