বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লির ঈদের জামাত

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বৃষ্টি উপেক্ষা করে তিনটি জামাতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি; নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত।

Mar 21, 2026 - 12:53
 0  1
বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লির ঈদের জামাত
×

ভোররাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদুল ফিতরের তিনটি বিশাল জামাত। শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। বৃষ্টির কারণে মসজিদের মূল অংশ দ্রুত পূর্ণ হয়ে গেলে দুই পাশের চত্বরেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

​প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এই জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​নামাজ পরবর্তী প্রতিক্রিয়ায় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীনে জনপ্রতিনিধি হিসেবে এটি আমার প্রথম ঈদের জামাত। দলমতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও উন্নত বাগেরহাট গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।" উল্লেখ্য, ষাটগম্বুজ মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে এবং তৃতীয় ও সর্বশেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।