জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেফতার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া থেকে গোলাম রসুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে কচুয়া উপজেলার বাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি মো. গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে জড়িয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল ও আপত্তিকর একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিক শান্তি বিনষ্টের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


