বাঞ্ছারামপুরে ‘প্রকৃতির জন্য শিশুরা’ কর্মশালা অনুষ্ঠিত
প্রকৃতি ও পরিবেশের প্রতি নতুন প্রজন্মের দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ২৮ জুন ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ২ নং তেজখালী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “প্রকৃতির জন্য শিশুরা” শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা।
এই আয়োজনের উদ্যোক্তা ছিল মিশন গ্রিন বাংলাদেশ। কর্মশালাটি বাস্তবায়িত হয়েছে তেজখালী ছাত্র কল্যাণ সংঘ ও Beyond Academics-এর তত্ত্বাবধানে। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাউছার আহমেদ।
কর্মশালায় শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করা হয়
পরিবেশ সংরক্ষণে শিশুদের ভূমিকা, বৃক্ষরোপণের গুরুত্ব, কীভাবে গাছের পরিচর্চা করা যায়, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে।
শিশুদের অংশগ্রহণ আরও আনন্দময় করতে আয়োজন করা হয় একটি পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা। কুইজ শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বর্তমান নগরজীবন, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় শিশুরা ক্রমেই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। এই বাস্তবতায় শিশুদের প্রকৃতির সঙ্গে পুনরায় যুক্ত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
তেজখালী ছাত্র কল্যাণ সংঘের পক্ষে সজীব আহমেদ শান্ত বলেন, "মিশন গ্রীন বাংলাদেশের এই আয়োজন বেশ ভালো লেগেছে, আমরা প্রতিবছরই এসময়ে আমাদের গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করে থাকি। কিন্তু এ বছরের এই প্রাণ ও প্রকৃতি বিষয়ক কর্মশালায় শিশুদের কে অন্তর্ভুক্ত করার জন্য মিশন গ্রীন বাংলাদেশকে ধন্যবাদ জানাই। কাউছার আহমেদ এবং Beyond Academics কেও সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এমন একটি আয়োজন বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করার জন্য।"
প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার। আর সেই দায়িত্ববোধ যদি শৈশব থেকেই গড়ে ওঠে, তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও সচেতন, দায়িত্বশীল ও প্রকৃতিপ্রেমী। একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়তে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।


