কৃষকের লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগে বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ফলদ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের বিস্তারিত জানুন।

Jun 28, 2026 - 11:28
 0  3
কৃষকের লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগে বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
×

লক্ষ্মীপুরের রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের বাড়িতে হামলা, লুটপাট এবং ফলদ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতাসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মুরাদ হোসেন বাদী হয়ে অভিযুক্ত সাতজনকে আসামি করে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান ব্যক্তি শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​অভিযোগের বিবরণ ও ক্ষয়ক্ষতির দাবি:

​থানায় দায়ের করা লিখিত অভিযোগে ভুক্তভোগী কৃষক মুরাদ হোসেন উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে তাঁর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন শাহজাহান কবিরাজসহ অভিযুক্তরা। জমিটি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এর আগে থানায় অভিযোগ করেও তিনি কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন।

​তিনি আরও জানান, শুক্রবার সকালে শাহজাহান কবিরাজের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাঁর বাড়িতে আচমকা হামলা চালায়। এরপর তারা তাঁর ফসলি জমিতে প্রবেশ করে উৎপাদিত প্রায় ২০০টি কলাগাছ, ৭০ থেকে ৮০টি সুপারি গাছ, ৫০টি পেঁপে গাছ এবং ২২টি নারিকেল গাছ কেটে ফেলে। একই সঙ্গে ক্ষেতের সবজি ও ফল লুট করে নিয়ে যায়। এতে তাঁর প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

​মুরাদ হোসেনের দাবি, খবর পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গাছ কাটতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এ সময় ঘরে থাকা নারী ও শিশুদেরও মারধর করা হয়, কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হন এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

​অভিযোগ অস্বীকার ও পুলিশের বক্তব্য:

​তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, “এই ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই। আমি ঘটনার সময় ওই জমির ধারেকাছেও যাইনি। মূলত যে ব্যক্তি জমিটি কিনেছেন, তিনিই তাঁর জমি পরিষ্কার করতে সেখানে গিয়েছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।”

​রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুরাদ হোসেন নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।