বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই প্রার্থী চূড়ান্ত করে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আলোচনার মাধ্যমেই রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থীর নাম নির্ধারণ করে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্বাচন নিয়ে ইতোমধ্যে দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তর আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকেই আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত নামটি অনুমোদন পাবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৩ আগস্ট। সেই হিসাবে শেষ দিনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যাপকভাবে আলোচনায় এলেও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নাম চূড়ান্ত ঘোষণা করা হয়নি।


