এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে সরব বগুড়া জেলা ছাত্রদল

এনসিপির দুই নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Aug 1, 2026 - 15:05
 0  3
এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে সরব বগুড়া জেলা ছাত্রদল
×

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

শনিবার (১ আগস্ট) বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বগুড়া মহানগরীর প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সংশ্লিষ্ট মন্তব্যের নিন্দা জানান।

বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতি লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপির দুই নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।