পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল বগুড়া
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে জ্বলেশ্বরীতলা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এসে সমবেত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও সার্বিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।


