শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা, উঠেছে প্রশ্ন

বগুড়ার খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীদের অবস্থান ও চলাচলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

Sep 3, 2026 - 20:31
 0  7
শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা, উঠেছে প্রশ্ন
×

বগুড়ার খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীদের অবস্থান ও চলাচলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) খোকন পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠেয় নাগরিক সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী শহীদ মিনারের মূল বেদিতে জুতা পরা অবস্থায় অবস্থান ও চলাচল করছেন।

স্থানীয়দের ভাষ্য, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে শহীদ মিনারের বেদিতে জুতা ছাড়া ওঠার প্রচলিত রীতি রয়েছে। ফলে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতির সময় জুতা পায়ে বেদিতে ওঠার বিষয়টি তাদের কাছে দৃষ্টিকটু ও অনভিপ্রেত বলে মনে হয়েছে।

ঘটনাটি প্রত্যক্ষ করা কয়েকজন স্থানীয় নাগরিক বলেন, “শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলনের স্মৃতি ও বাঙালির আবেগের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সেখানে যে কোনো কর্মসূচি পালনের সময় এর মর্যাদা ও প্রচলিত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।”

এদিকে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সচেতন নাগরিকদের অনেকে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি ভবিষ্যতে শহীদ মিনারের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাদের মতে, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার থাকলেও জাতীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করাও রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।

তবে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থানের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।