জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বাতিল করা হলো ২০০১ সালের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি।

Jul 15, 2026 - 14:16
 0  4
জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস
×

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই বিলটি পাসের মধ্য দিয়ে বিগত ২০০১ সালের তামাদি হয়ে থাকা ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’টি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো, যার অধীনে কেবল একটি বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা থাকলেও বিগত ২৫ বছরে তা আলোর মুখ দেখেনি।

​গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। পরে স্পিকারের আহ্বানে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি বিপুল সমর্থনে পাস হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়:

পাস হওয়া বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ সরকারি গেজেটে প্রকাশিত হলেও দীর্ঘ সময়েও তা কার্যকর বা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের সময়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। তবে সময়ের চাহিদার প্রেক্ষিতে সরকার কেবল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বগুড়াবাসীর উচ্চশিক্ষার পথ সুগম করতে এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে সব বিষয়ের শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার সমান সুযোগ পাবেন।

যেসব বিষয়ে থাকবে পড়াশোনার সুযোগ:

প্রস্তাবিত নতুন আইনের আওতায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’কে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার রূপরেখা নেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী বিষয়ের পাশাপাশি আধুনিক ও সময়ের উদীয়মান ক্ষেত্রগুলোকে প্রাধান্য দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টিতে যেসব অনুষদ বা বিভাগ থাকবে:

​বিজ্ঞান ও জীববিজ্ঞান (Life Sciences)

​প্রকৌশল ও প্রযুক্তি (Engineering & Technology)

​কলা ও মানবিক (Arts & Humanities)

​সামাজিক বিজ্ঞান (Social Sciences)

​ব্যবসায় প্রশাসন (Business Administration)

​আইন (Law)

​কৃষি (Agriculture)

​চিকিৎসা বিজ্ঞান (Medical Science) এবং জ্ঞানের অন্যান্য উদীয়মান ও প্রায়োগিক ক্ষেত্রসমূহ।

​বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক (অনার্স), স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি উচ্চতর গবেষণা ও পিএইচডি করার সুযোগও রাখা হবে বলে আইনটিতে উল্লেখ করা হয়েছে। এই বিলটি পাসের খবরে বগুড়ার স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।