বগুড়ায় ইয়াবা ও ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার, আটক স্বামী-স্ত্রী
বগুড়ার সদর উপজেলার দত্তবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ায় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দত্তবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার দত্তবাড়ী এলাকার মোজাম প্রামাণিকের ছেলে নান্টু প্রামাণিক (৩০) এবং তার স্ত্রী নীলা (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তবাড়ী এলাকায় নান্টু প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার এবং উদ্ধার করা ইয়াবা ও টাকা জব্দ করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, গ্রেপ্তার নান্টু প্রামাণিক এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


